Back to all posts

অভিশাপ

আমি চাই সমুদ্র তোমাকে গ্রাস করুক,
আমি চাই মর্মর বৃষ্টির আঘাতে তুমি ক্ষতবিক্ষত হও,
আমি চাই চৈতালি ঝড়ে তুমি উড়ে যাও,
ছিন্ন-ভিন্ন হয়ে যাও তুমি!

আমি চাই পুলিশের বুলেট
তোমার নষ্ট হৃদয় এফোড়-ওফোড় করে দিক,
আমি চাই কোন একনায়ক সরকারের বুটের তলে
তুমি পিষ্ট হও,
তুমি তুমি তুমি উচ্ছন্নে যাও।
ভালোবাসি না বলার অপরাধে আজীবন দন্ডিত হও!

আমার হৃদয় প্রথমবার গরম লোহার স্পর্শ পেয়েছিলো,
প্রথম পায়ের নিচে মাটি হারিয়েছিলাম অকস্মাৎ,
প্রথমবার চিন্তা শক্তির খেই হারিয়েছিলাম
প্রথমবার নিজের বিশ্বাস ভঙ্গের দায়ে নিজেকেই দুষছিলাম!
দগদগে ঘা নিয়ে আজও আমি বেচে আছি।
তাই আজ এই বৈশাখি ঝড়ের রাতে
সমুদ্র আমার বন্ধু!
বৃষ্টি আমার বন্ধু!
ঝোড়ো বাতাস আমার বন্ধু!
বেয়নেট উচিয়ে ধরা সৈনিক আমার বন্ধু!

তুমি কিভাবে পালাবে পালাও, কিভাবে বেচে থাকো,
আমিও দেখতে চাই!
যতদিন বাচবে শরীরে বয়ে বেড়াবে বৃষ্টির ক্ষত,
ঝড়ের প্রত্যেক ঝাপটা চাবুকের মত লেগে থাকবে তোমার মনে।
ঢোক গিলতে কষ্ট হবে তোমার, কারন,
বুলেটের মত কিছু একটা বিধে থাকবে তোমার গলায় ।

# From the book প্রলাপ by revolutionibus