Back to all posts

অন্য বসন্ত

শহরজোড়া শুধুই প্রাচীর, অট্টালিকার সারি
কোন দিকে নেই উদ্ভিদের চিহ্নমাত্র
পত্রপল্লবেরা তাই আকাশের নীলে
বাধা হয়ে দাড়ায় না,
শীতের আদ্রতায় তারা শুকিয়ে যায় না মোটেই
ফাল্গুনে লুটিয়ে পড়ে না অচেনা পথিকের পায়।
ঝরে পড়ে না বলে,
ঝরা পাতার সেই অভিবাদন থেকে বঞ্চিত হয় পথিক,
ঝরে পড়ে না বলে,
পায়ের প্রথম পদক্ষেপে জানান দেয় না সে নিজের মৃত্যুকে।
চৈতে নতুন কচি সবুজ কুশিরাও উকি দেয় না এখানে
বাসন্তি হাওয়ায় উদাস হয় না কেউ,
সবুজের বন্যায় এখানে ভাসে না প্রকৃতি

তবুও বসন্ত আসে
ফুল না ফোটা এই শহরে।
আমদানী করা ফুল খোপায় গুজে,
রাস্তায় নেমে আসে সহস্র রমনী,
ভবিষ্যৎ ধ্বংসের বার্তা নিয়ে।

তবুও এই শহরে বসন্ত আসে!
পাখির নীড় না থাকা এই শহরে,
বসন্ত আসে নষ্ট মেকি মানুষের হৃদয়ে
ভবিষ্যৎ ধ্বংসের বার্তা নিয়ে।

# From the book প্রলাপ by revolutionibus