Back to all posts

কত সহজেই

আকাশের মাথায় দেখেছো,
কেমন উঠেছে পূর্ণশশী,
তেমনি তুমি উঠেছো আমার মাথায়!
আমার স্পন্দনে, আমার নি:শ্বাসে, আমার চোখে, আমার বুকের উপর, পিঠে
তুমুল নৃত্য করে চলেছো দিবারাত্র।

রক্তের স্রোতে মিশে গেছো, দাপিয়ে বেড়াচ্ছো পুরো শরীরজুড়ে।
পাড়ি দেয়া কোন মহাকাশযান যেন, উড়ে চলছে নভো:লোক ফুড়ে,
মাথায় যত ভাবনা চলে, সবগুলোকে নিজের দখলে নিয়ে নিয়েছো কত সহজেই।

কত সহজেই আমাকে ভেঙেচুরে প্রেমিক বানিয়ে দিলে
কত সহজেই আমার মাথায় উঠিয়ে দিলে সামাজিক বোঝা।
কত সহজেই আমাকে বুঝিয়ে দিলে তোমার জন্য আমাকে ডাকতে হবে মৌলবি ওঝা।
কত সহজেই তুমি আকাশে মাথা ঠেকিয়ে চলা আমাকে মাটিতে নামিয়ে দিলে,
দার্শনিক থেকে বানিয়ে নিলে মাটির মানুষ!!
যেন হঠাৎ দমকা হাওয়া লেগে উড়ে যাওয়া এক জ্বলন্ত ফানুশ।

# From the book প্রলাপ by revolutionibus